অনূর্ধ্ব ১০ ক্রিকেটারদের জন্য অভিনব উদ্যোগে শুরু হল ‘এনসিসি বেবি লিগ’

ছবির ক্যাপশন : ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি)-এর উদ্যোগে এবং ‘কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় আয়োজিত এনসিসি বেবি লিগ’ -এর আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির অভিষেক ডালমিয়া ও শালিনী ডালমিয়া।

কলকাতা : শহরের ক্রীড়া মানচিত্রে নতুন সংযোজন – ‘এনসিসি বেবি লিগ’। বুধবার সাড়ম্বরে উদ্বোধন হল এই অভিনব ক্রিকেট টুর্নামেন্টের, যার লক্ষ্য একেবারে খুদে স্তর থেকেই প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। দু’বছরের দীর্ঘ পরিকল্পনার পর অবশেষে বাস্তবায়িত হল এই উদ্যোগ। দশ বছরের নিচে শিশুদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন ভারতে এখনও বিরল বললেই চলে। সেই কঠিন কাজটাই সফলভাবে করে দেখালেন অভিষেক ডালমিয়া ও শালিনী ডালমিয়া। ক্রিকেটপ্রেমী মহলে এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বরা। প্রথম দিন থেকেই সবুজ গালিচায় ব্যাট-বলের লড়াই জমে ওঠে। খুদে ক্রিকেটারদের উৎসাহ, দর্শকদের ভিড় এবং উৎসবমুখর পরিবেশ—সব মিলিয়ে এক আলাদা আবহ তৈরি হয়। ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি)-এর উদ্যোগে এবং ‘কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২৪টি দল। প্রতিটি ম্যাচ ১০ ওভারের এবং প্রতিটি দলে সর্বাধিক ১১ জন ব্যাট করার সুযোগ পাচ্ছে। খেলা হচ্ছে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি ও রাজস্থান মাঠে। এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মার্চ। অভিষেক ডালমিয়া, শালিনী ডালমিয়াদের মতে, এই লিগ শুধু প্রতিযোগিতা নয়, বরং একটি মঞ্চ-যেখানে শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদের প্রতিভাকে সঠিক দিশা দেখানো হবে। একেবারে গ্রাসরুট স্তর থেকে ক্রিকেটার তৈরি করার এই উদ্যোগকে অনেকেই ভবিষ্যতের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।

উদ্বোধনী দিনেই খুদে ক্রিকেটারদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। কিছু খেলোয়াড়ের ঝলমলে ব্যাটিং ও চমকপ্রদ শট ইতিমধ্যেই উপস্থিত দর্শক ও আয়োজকদের মুগ্ধ করেছে। প্রাক্তন রঞ্জি জয়ী বাংলার অধিনায়ক ও কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, একদম ছোটদের খেলার অর্থ তারা ম্যাচের আবহর সঙ্গে মানিয়ে নেওয়া শিখে যাচ্ছে। ক্রিকেটে আবহর সঙ্গে মানিয়ে নেওয়াটা শুরু থেকেই হওয়া দরকার। গোটা ভারতে বেবি লিগ দৃষ্টান্ত হয়ে থাকবে। আয়োজকদের আশা, আগামী দিনে এই ‘এনসিসি বেবি লিগ’ শিশুদের ক্রিকেটে এক নতুন দিগন্ত খুলে দেবে এবং একদিন আইপিএলের মতোই জনপ্রিয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =