বিমানযাত্রা সহজ করতে নতুন নির্দেশিকা, অতিরিক্ত চার্জ ছাড়াই ৬০ শতাংশ আসন

নয়াদিল্লি : বিমানযাত্রাকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বিমানে কমপক্ষে ৬০ শতাংশ আসন অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীদের জন্য বরাদ্দ রাখতে হবে।

বুধবার সরকার জানিয়েছে, এর ফলে সব যাত্রী সমান সুযোগ পাবেন এবং বিমান সংস্থাগুলির পরিষেবা আরও স্বচ্ছ হবে। একই সঙ্গে এক পিএনআর-এ (প্যাসেঞ্জার নেম রেকর্ড) বুকিং করা যাত্রীদের একসঙ্গে বা কাছাকাছি আসনে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিবার বা দলগত ভ্রমণে সুবিধা হয়। এই নির্দেশিকা মূলত অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাম্প্রতিক সময়ে আসন বাছাই–সহ বিভিন্ন পরিষেবায় অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কেও এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রতিটি বিমানে নির্দিষ্ট সংখ্যক আসন অতিরিক্ত চার্জ ছাড়া রাখা হয়।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু জানিয়েছেন, যাত্রীদের সুবিধা বাড়াতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকায় খেলাধুলোর সরঞ্জাম, বাদ্যযন্ত্র ও পোষ্য পরিবহণের ক্ষেত্রেও স্পষ্ট নিয়ম রাখা হয়েছে।

এছাড়া, বিমান দেরি বা বাতিলের ক্ষেত্রে যাত্রী অধিকার আরও শক্তিশালী করা হবে বলে জানানো হয়েছে। বিমান সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও বিমানবন্দরের কাউন্টারে যাত্রী অধিকার স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও তথ্য দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =