ছবির ক্যাপশন : বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্টের সাংবাদিক সম্মেলনে হাজির সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক ডালমিয়া সহ অন্যান্যরা।
কলকাতা : শিশুদের মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতে এক অভিনব উদ্যোগ। বুধবার থেকে শুরু হতে চলেছে ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট’, যা প্রথমবার আয়োজন করছে ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি)।‘কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য শৈশব স্তর থেকেই প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করা এবং তাদের সঠিক দিশা দেখানো।
এনসিসি ও মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৮ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত। এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচ হবে ১০ ওভারের। খেলা হবে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির মাঠ এবং রাজস্থান মাঠে।
মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, এনসিসির প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, প্রাক্তন ক্রিকেটার ও কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং ‘ক্রিকেট দর্পণ’-এর প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা ছোটদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেট তারকা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সব মিলিয়ে, শহরের ক্রীড়াপ্রেমীদের নজর এখন এই নতুন উদ্যোগের দিকেই।

