কলকাতা : ২০২১ এবং ২০২৪ এর ভোট পরবর্তী হিংসায় যুক্ত ‘দাগি’ পুলিশ আধিকারিকদের তালিকা চাইল নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই সেই তালিকা রাজ্য পুলিশের ডিজি এবং কমিশনারদের জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেই একাধিক এলাকায় হিংসার অভিযোগ উঠেছিল। ২০২৪ লোকসভা নির্বাচনের পরেও একই অভিযোগ ওঠে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই সমস্ত জায়গা অর্থাৎ হিংসাকবলিত এলাকায় থাকা থানাগুলিতে কারা ওসি ছিলেন সেই সমস্ত বিস্তারিত তালিকা রাজ্য পুলিশের ডিজির কাছে ফের একবার চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর তা সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই দিতে হবে জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ভোট ঘোষণার পরেই রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। রাজ্যের ওপর নানাভাবে বজ্রআঁটুনির পরিসর বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের।

