কলকাতা : ভোটের দিনক্ষণ ঘোষণার পরই নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করল বামফ্রন্ট। সোমবারই বিধানসভা নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামেরা। এই ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস ।
ব্যারাকপুর মহকুমার বীজপুরে এক স্মরণসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সোমবারই প্রথম দফার প্রার্থীদের নাম সামনে আনা হবে। একই সঙ্গে জোট রাজনীতির প্রসঙ্গ উঠতেই কিছুটা সতর্ক সুরে তিনি বলেন, “আমরা যে বোঝাপড়া করেছি তা বামফ্রন্টের ভিতরেই। পাশাপাশি বামপন্থী শক্তিগুলির মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। বামপন্থার পুনরুত্থানই এখন আমাদের মূল লক্ষ্য। স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে, তবে খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হবে।”
জোটের প্রশ্নে সরাসরি কোনও স্পষ্ট ঘোষণা না করলেও তিনি ইঙ্গিত দেন বৃহত্তর রাজনৈতিক মঞ্চ তৈরির প্রচেষ্টার দিকে। তাঁর কথায়, “বারবার বলছি, বামফ্রন্ট রয়েছে এবং অন্য বামপন্থী শক্তির সঙ্গে আলোচনা চলছে। আমরা চাই বামপন্থীদের ঐক্য গড়ে উঠুক। পাশাপাশি বামের বাইরে যাঁরা আছেন, তাঁদের সঙ্গেও আসন সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এটাকে সরাসরি জোট বলা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াইয়ের জন্য একটি সাধারণ মঞ্চ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
দলীয় সূত্রে জানা যাচ্ছে, এবারের তালিকায় তরুণ প্রার্থীদের ওপর জোর দিতে পারে বাম শিবির। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন মীনাক্ষী মুখার্জী , সৃজন ভট্টাচার্য্য , শতরূপ ঘোষ এবং বিকাশ রঞ্জন ভট্টাচাৰ্য-র নামও।
ভোটের লড়াইয়ের আগে বাম শিবিরের এই প্রথম তালিকা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।

