কলকাতা : কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে পরিবর্তন এবং উন্নয়নের ডাক দিয়ে তিনি বলেন, “বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়নের জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি।”
প্রধানমন্ত্রী এদিন মনে করিয়ে দেন যে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাংলার মানুষের স্বার্থে কেন্দ্র পিছুপা হয়নি। তিনি আরও যোগ করেন, “আজও প্রায় ১৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হয়েছে।”
পরিকাঠামো উন্নয়ন, রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমেই যে সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হবে, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সেই বার্তাই দিয়েছেন। মোদীর এই ‘নবনির্মাণ’-এর ডাক আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রচার অস্ত্র হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

