১৮ হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কলকাতা থেকে বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকারি অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যদের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন। তিনি জানান, রেলকে আধুনিক করার কাজ করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছেন তাঁরা। সড়ক এবং রেল যোগাযোগ যতটা গুরুত্বপূর্ণ, জলপথের সংস্কারও ততটাই প্রয়োজনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, হলদিয়া ডক কমপ্লেক্সে এ জন্য সংস্কার হচ্ছে। কলকাতা ডকেও সংস্কার হচ্ছে। এর ফলে পূর্ব ভারতের ‘লজিস্টিক সিস্টেম’ আরও উন্নতি হবে। তিনি বলেন, কলকাতা এবং হলদিয়ার মতো বন্দর দীর্ঘকাল ভারতের বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। হলদিয়া ডক কমপ্লেক্সের আধুনিকীকরণ করা হচ্ছে। এর ফলে বন্দরের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হবে| আজ সমগ্র দেশে রেলব্যবস্থাকে আধুনিক করার অভিযান চলছে। আমাদের সংকল্প – এই অভিযানে পশ্চিমবঙ্গ যেন কোনওভাবেই পিছিয়ে না থাকে। সেই কারণেই কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোরও দ্রুত বিস্তার ঘটাচ্ছে|

এদিন প্রধানমন্ত্রী ৪২০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের বেশ কয়েকটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার সম্মিলিত ব্যয় প্রায় ১৬,৯৯০ কোটি টাকা। এছাড়া রেল যোগাযোগে গতি আনতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বাংলার ৬টি স্টেশন— আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি এবং কামাখ্যাগুড়ির আধুনিকীকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চালু হলো পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস। কেবল সড়ক বা রেল নয়, জলপথ পরিবহণেও বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

হলদিয়া ডক কমপ্লেক্সের ৫ নম্বর বার্থের সংস্কার এবং ২ নম্বর বার্থের যান্ত্রিকীকরণের কাজ শুরু হলো, যা পরিবেশ-বান্ধব পণ্য পরিবহণে সহায়ক হবে। পাশাপাশি খিদিরপুর ডক সংস্কার প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। এ ছাড়াও কংসাবতী ও শিলাবতী নদীর ওপর নতুন ব্রিজ এবং হাওড়া ব্রিজের তট সুরক্ষার মতো প্রকল্পের শিলান্যাস এদিন সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =