কলকাতা : রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে দেড় হাজার টাকাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার তিনি ব্রিগেডের মঞ্চ থেকে বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর সমস্ত কষ্ট দূর করব। কথা দিচ্ছি। সরকারে এলে আমাদের প্রথম কাজ হবে আলুচাষিদের জন্য।’’
মমতাকে কটাক্ষ করে মিঠুন বলেন, ‘‘অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। এমন কাউকে দেখিনি, যিনি এত মিথ্যা কথা বলেন।’’ প্রধানমন্ত্রী আসার আগে এদিন ব্রিগেড মঞ্চে বলতে ওঠেন রাহুল সিংহ। সদ্য দল তাঁকে রাজ্যসভার টিকিট দিয়েছে। মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন তিনি।
ব্রিগেড মঞ্চে বলতে ওঠেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মোদী আসার আগে তিনি বলেন, ‘‘পরিবর্তন যাত্রাতেই আমরা টের পেয়েছি, মানুষ আমাদের সঙ্গে আছে। অবশ্যই রাজ্যে পরিবর্তন আমরা আনব।’’ বেলা সওয়া দুটোর পরে কলকাতা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। অসমের শিলচরে সভা শেষ করে শহরে আসেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

