‘ভারত যে কোনও পিচেই রান করতে পারে’ ! সমালোচকদের কটাক্ষ গম্ভীরের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ধারাবাহিক বড় রানের পারফরম্যান্স ঘিরে পিচ বিতর্কে সরব হলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। অনেকের অভিযোগ ছিল, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিতে বিশ্বকাপে এমন উইকেট তৈরি করা হয়েছিল যেখানে ব্যাটসম্যানরা সহজেই বড় রান করতে পারেন। তবে এই অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গম্ভীর।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর স্পষ্ট জানান, ভারতীয় দলের মতো শক্তিশালী দলের জন্য আলাদা করে সুবিধাজনক পিচ বানানোর কোনও প্রয়োজনই নেই। তাঁর মতে, ভারতের সাফল্যকে খাটো করার জন্যই কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পিচ নিয়ে বিতর্ক তৈরি করছেন। গম্ভীর বলেন, ভারত এমন একটি দল, যারা যে কোনও পরিস্থিতিতেই বড় স্কোর করতে সক্ষম। তাই বিশেষভাবে সুবিধাজনক উইকেট তৈরির কথা ভাবারও প্রশ্ন ওঠে না।
ভারতীয় কোচ আরও মনে করিয়ে দেন যে, আন্তর্জাতিক টুর্নামেন্টে পিচ প্রস্তুতির দায়িত্ব থাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের উপর। সেই কারণে পিচ তৈরির বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকে না। গম্ভীর বলেন, আইসিসির প্রতিযোগিতায় পিচ প্রস্তুতির সম্পূর্ণ তদারকি করে আইসিসি, বিসিসিআই নয়। তাই এই ধরনের অভিযোগ বাস্তবসম্মত নয় বলেই মনে করেন তিনি।
নিজের বক্তব্যকে আরও জোরালো করতে গম্ভীর একটি ম্যাচের উদাহরণও তুলে ধরেন। তিনি বলেন, কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ঘূর্ণি সহায়ক উইকেটেও প্রায় ১৮০ রান তুলেছিল। অথচ একই পিচে অন্য দলগুলো ১৪০ রানের আশপাশেই আটকে যাচ্ছিল। সেই ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। তখন কিন্তু কেউ পিচ নিয়ে প্রশ্ন তোলেনি।
সব মিলিয়ে গম্ভীরের বক্তব্য, পিচ নিয়ে অযথা বিতর্ক না করে ক্রিকেটারদের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন করা উচিত। তাঁর মতে, ভারতীয় দলের সাফল্যের আসল কারণ তাদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক পারফরম্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =