বিশ্বকাপ শেষের আগেই বেজে গেল আইপিএলের দামামা !

এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কবে শুরু হবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কুড়ি ওভারের বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছতেই। ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—দেশের সবচেয়ে জনপ্রিয় কুড়ি ওভারের প্রতিযোগিতা ঠিক কবে মাঠে গড়াবে? জানা গিয়েছে, প্রতিযোগিতার দিনক্ষণ প্রায় চূড়ান্ত। সূচিও তৈরি রয়েছে। তবু এখনই সবিস্তারে ঘোষণা করা হচ্ছে না। আয়োজকদের পরিকল্পনা, দুই ধাপে সূচি প্রকাশ করা হবে। প্রথম ধাপে প্রাথমিক কয়েক দিনের নির্ঘণ্ট জানানো হবে, পরে প্রকাশ পাবে পূর্ণাঙ্গ তালিকা।
একটি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে প্রতিযোগিতার পরিচালন পর্ষদের বৈঠক হয়েছে। সেখানে সম্ভাব্য দিনক্ষণ, মাঠ নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা এবং ভ্রমণসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সবকিছু মোটামুটি স্থির হলেও আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, মার্চ মাসের ৬ বা ৭ তারিখ প্রথম দফার সূচি প্রকাশ পেতে পারে।
এই দেরির বড় কারণ চলতি বছরের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ু—এই তিন রাজ্যেই প্রতিযোগিতার একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়। কলকাতায় কেকেআর-এর ঘরের মাঠ ইডেন গার্ডেন এবং চেন্নাইয়ে সিএসকের-এর নিজস্ব মাঠ রয়েছে। এছাড়া অসমের গুয়াহাটিতে রাজস্থান কয়েকটি ঘরের ম্যাচ আয়োজন করে। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক ব্যস্ততার কারণে এই রাজ্যগুলিতে দিনক্ষণ নির্ধারণে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেই বাকি সূচি দ্রুত চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে। প্রতিযোগিতার দশটি দলকেও সেই বিষয়ে আগাম জানিয়ে রাখা হয়েছে। আগে শোনা গিয়েছিল, মার্চের ২৬ তারিখ থেকেই প্রতিযোগিতা শুরু হতে পারে। তবে এখন সেই দিন কিছুটা পিছিয়েছে বলে খবর। নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী ২৮ বা ২৯ মার্চ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। প্রথম ম্যাচে নামবে গত বারের চ্যাম্পিয়ন আরসিবি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী মাঠেই উদ্বোধনী লড়াই হওয়ার কথা। যদিও প্রতিপক্ষ দল এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। গতবার শিরোপা জয়ের পর বেঙ্গালুরুতে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন খেলোয়াড়েরা। কিন্তু সেই আনন্দ উদ্‌যাপনের সময় চিন্নাস্বামী মাঠের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার পর দীর্ঘ সময় ওই মাঠে ক্রিকেট বন্ধ ছিল। পরে একাধিক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানেই এ বারের প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে।
জানা গিয়েছে, বেঙ্গালুরু দল তাদের সাতটি ঘরের ম্যাচের মধ্যে পাঁচটি খেলবে চিন্নাস্বামী মাঠে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রায়পুরে। সব মিলিয়ে নির্বাচনের আবহের মধ্যেই শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় কুড়ি ওভারের ক্রিকেট উৎসব। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =