শুভেন্দু অধিকারীর সঙ্গে ‘দুর্ব্যবহার’: কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট

কলকাতা : মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথিত দুর্ব্যবহারের ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে যে, আগামী ৫ মার্চের মধ্যে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

​শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত মঙ্গলবার সিইও দফতরের সামনে বিক্ষোভরত বুথ লেভেল অফিসারদের (বিএলও) একাংশ তাঁকে লক্ষ্য করে হট্টগোল ও কটূক্তি করেন। তাঁর দাবি, সেই সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কোনও কার্যকর ভূমিকা নেয়নি। আদালত পুলিশের কাছে জানতে চেয়েছে, ওই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

​উল্লেখ্য, ওই দিন স্মারকলিপি জমা দিতে গিয়ে সিইও দফতরের বাইরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের একাংশ বিরোধী দলনেতাকে লক্ষ্য করে স্লোগান দেন এবং এমনকি জুতো ছোড়ার মতো ঘটনাও ঘটে। পরবর্তীকালে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী।

​বর্তমানে বিরোধী দলনেতার নিরাপত্তা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলাও এই একই ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। সাম্প্রতিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে পৃথক আবেদন জানিয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মার্চ ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =