কলকাতা : আগামী সপ্তাহের মঙ্গলবার (৩ মার্চ) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতের বেশিরভাগ জায়গা থেকেই প্রত্যক্ষ করা যাবে। শুধুমাত্র দেশের একেবারে পশ্চিমাঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এশিয়ার পূর্বাঞ্চল, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আমেরিকাতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
ভারতের বেশিরভাগ প্রান্তেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে, তা কেবল চন্দ্রোদয়ের সময়েই। তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের শেষ পর্বের দেখা মিলবে। ওইদিন ভারতীয় সময় দুপুর ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণের সময় শুরু হবে বিকেল ৪টে ৩৪ মিনিট নাগাদ এবং শেষ হবে ৫টা ৩৩ মিনিটে।
ভারতে এর আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল গত বছর ৭–৮ নভেম্বর। পরবর্তী চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ২০২৮ সালের ৬ জুলাই। তবে, তা হবে আংশিক চন্দ্রগ্রহণ।

