জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল

শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে জয়ের হ্যাটট্রিক ছাড়া কিছু ভাবছে না ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো তেমনটাই জানিয়ে দিলেন। জামশেদপুর দলে রয়েছে একাধিক ইস্টবেঙ্গল প্রাক্তনী। মাদিহ তালাল, মেসি বাউলিরা ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে রয়েছেন৷ অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে সউল ক্রেসপোর চোট এবং মিগুয়েলের ঘাড়ের সমস্যা। অস্কার জানালেন, মিগুয়েলের কোনও সমস্যা নেই তিনি সুস্থ রয়েছেন এবং মাঠে নামার জন্য তৈরি। ঘাড়ে স্ট্র‍্যাপ বেধেই এদিন অনুশীলন করেন মিগুয়েল। প্রতিপক্ষ জামশেদপুর নিয়ে অস্কার ব্রুজোঁ বলেন, “সমীহ করছি প্রতিপক্ষকে৷ মাঝমাঠে মাদিহ তালাল, আক্রমণভাগে মেসি বাউলি রয়েছে৷ কোচও যথেষ্ট অভিজ্ঞ৷”
অন্যদিকে ক্রেসপো বলেন, “অনেকে আমার চোট নিয়ে কথা বলছে ৷ আমি ক’টা ম্যাচ খেলতে পারিনি? একটা৷ তাহলে আমার চোট নিয়ে এত কথা হচ্ছে কেন ? সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে আমার চোট সংক্রান্ত খবর ভিত্তিহীন ও ভুয়ো। আমরা সংঘবদ্ধ৷ এই ধরনের খবর বন্ধ হওয়া উচিত ৷ আমরা একজোট রয়েছি৷ কোচ বা সতীর্থদের সঙ্গে আমার কোনও তিক্ততা নেই ৷” ক্রেসপো প্রথম একাদশে থাকবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের দিন সকাল পর্যন্ত। মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অন্যদিকে নবাগত বিদেশি অ্যান্টন সোবার্গের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে জামশেদপুর ম্যাচে৷ এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতে অবশ্য লাল-হলুদ ভুয়ো খবরের প্রতিবাদ জানিয়েছেন৷ স্পষ্ট জানালেন, লাল-হলুদ ড্রেসিংরুমে কোনও মনোমালিন্য নেই। ইস্টবেঙ্গল অধিনায়ক সউল ক্রেস্পোর মুখেও শোনা গেল একই সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =