টিম বাসেই অভিষেককে গম্ভীর পরামর্শ ভারতীয় হেড স্যারের

টানা তিন ম্যাচে শূন্য—এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ফর্মের গভীর সংকটে রয়েছেন অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাতা খুললেও বড় ইনিংস আসেনি। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতও মুখ থুবড়ে পড়েছে, আর সেই হারের পর থেকেই বাড়ছে ওপেনারদের নিয়ে চিন্তা। ভারতকে জয়ের পথে ফেরাতে হলে যে অভিষেকের ব্যাট চলতেই হবে, তা ভালোমতোই জানেন ভারতের কোচ গৌতম গম্ভীর। তাই মাঠের বাইরেও শুরু হয়েছে সক্রিয় ‘ম্যান ম্যানেজমেন্ট’।
সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রানে আউট হন অভিষেক। ইনিংস দেখে বোঝা গিয়েছে, তিনি একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না। কোথায়, কখন বল চালাবেন—এই সিদ্ধান্তেই বারবার দ্বিধায় পড়ছিলেন। বিশেষ করে অফ স্টাম্পের বাইরে পড়া বলেই দিক হারাচ্ছেন। গতি ও লেন্থে সামান্য হেরফের করতেই তাঁকে ফিরিয়ে দেন মার্কো জানসেন। এই দুর্বলতা নতুন নয়, কিন্তু সুপার এইটের মতো চাপের ম্যাচে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সমস্যা আরও বাড়ছে কারণ ভারতের দুই ওপেনারই বাঁহাতি। ফলে শুরুতেই বিপক্ষ দল অফস্পিনারকে আক্রমণে আনছে। সেই ফাঁদে পা দিয়ে কখনও অভিষেক, কখনও ঈশান কিষান আউট হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই পরিকল্পনার সামনে ভারতীয় ওপেনাররা এখনও কার্যকর কোনও জবাব দিতে পারছেন না।
এই পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে টিম বাসের একটি ভিডিও। আহমেদাবাদ থেকে চেন্নাই যাওয়ার পথে বাসের সামনের সিটে বসে গম্ভীর বেশ গম্ভীর মুখে কথা বলছেন অভিষেকের সঙ্গে। পাশে বসা সহকারী কোচ রায়ান টেন দুশখাতে-কেও ডেকে কিছু আলোচনা করেন তিনি। ঠিক কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি। তবে এই ‘সর্বসমক্ষে’ পরামর্শে অনেক ক্রিকেটভক্তই খুশি নন। তাঁদের মতে, এমন ব্যক্তিগত বিষয় আলাদা করেও বলা যেত; প্রকাশ্যে করার প্রয়োজন ছিল না।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর শোনা যাচ্ছে, ‘শর্মাজি কা বেটা’কে বসানো নিয়েও নাকি আলোচনা হতে পারে টিম ম্যানেজমেন্টে। যদিও ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বাঁহাতি ব্যাটারদের জন্য প্রয়োজনীয় ‘পথ্য’ বা টেকনিক্যাল সমাধান জোগাড় করে ফেলেছেন। তবু গম্ভীরের এক সহকারীর বক্তব্য, হাতে যদি আরও কিছুটা সময় থাকত, তাহলে হয়তো সমস্যার গভীরে গিয়ে কাজ করা যেত।
এবার সুপার এইটে ভারতের পরের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। এই ম্যাচই হতে পারে অভিষেক শর্মার ঘুরে দাঁড়ানোর সেরা সুযোগ। প্রশ্ন একটাই—কোচের পরামর্শ কি মাঠে ব্যাটে প্রতিফলিত হবে, নাকি চাপ আরও বাড়বে? উত্তর মিলবে চেন্নাইয়ের উইকেটেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 5 =