ওয়াংখেড়েতে তান্ডব ক্যারিবিয়ানদের ! জিম্বাবোয়েকে উড়িয়ে চাপ বাড়ালো সূর্যকুমারদের

শ্রীলঙ্কার মাটিতে দুরন্ত পারফরম্যান্স করে সুপার এইটে উঠে এলেও ভারতের মাটিতে প্রথম ম্যাচেই ধাক্কা খেল জ়িম্বাবোয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়-এর কাছে কার্যত একপেশে লড়াইয়ে হার মানতে হল জ়িম্বাবোয়ে-কে। অধিনায়ক সিকন্দর রাজা-র আঙুলের চোট ম্যাচের আগেই জ়িম্বাবোয়ে শিবিরের উদ্বেগ বাড়িয়েছিল, মাঠের ফলাফল সেই দুশ্চিন্তাকেই আরও গভীর করল।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজা। শুরুটা যদিও ক্যারিবিয়ানদের পক্ষে খুব একটা স্বস্তির ছিল না। দুই ওপেনার ব্র্যান্ডন কিং (৯) এবং অধিনায়ক শাই হোপ (১৪) দ্রুত ফিরে যান। ৫৪ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন তিন নম্বরে নামা শিমরন হেটমেয়ার ও রভম্যান পাওয়েল।
হেটমেয়ার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন তিনি। শতরান হাতছাড়া হলেও ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অন্য প্রান্তে পাওয়েল প্রথমে ইনিংস গুছিয়ে নিলেও হেটমেয়ার আউট হওয়ার পর তিনিও আক্রমণে যান। তাঁর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৯ রান, ৪টি চার ও ৪টি ছয়ের সাহায্যে।
শেষের দিকে ঝড় তোলেন শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার। রাদারফোর্ড ১৩ বলে অপরাজিত ৩১, শেফার্ড ১০ বলে ২১ এবং হোল্ডার ৪ বলে ১৩ রান করেন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ় থামে ৬ উইকেটে ২৫৪ রানে—এ বারের বিশ্বকাপে সর্বোচ্চ দলগত স্কোর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
২৫৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত জ়িম্বাবোয়ে। তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট ও রায়ান বার্ল দ্রুত আউট হয়ে যান। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ডিয়ন মেয়ার্স ও রাজা, কিন্তু প্রয়োজনের তুলনায় তা ছিল অপ্রতুল। সাত নম্বরে নেমে ইভান্স ২১ বলে ৪৩ রান করে ইনিংসকে কিছুটা ভদ্রস্থ করেন। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় জ়িম্বাবোয়ে।
এই জয়ের ফলে সুপার এইট গ্রুপ ওয়ানে নেট রান রেটে শীর্ষে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ়। দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট সমান হলেও তাদের নেট রান রেট অনেকটাই এগিয়ে। অন্যদিকে ভারত ও জ়িম্বাবোয়ের ঝুলিতে এখনও পয়েন্ট নেই। সেমিফাইনালে উঠতে হলে ভারতের সামনে এখন জ়িম্বাবোয়েকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও জয়ের কঠিন সমীকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =