বিপুল জালিয়াতি, একটি ব্যাঙ্কের শেয়ারে তীব্র ধস

মুম্বই : ৫৯০ কোটি টাকার জালিয়াতির খবর প্রকাশ্যে আসতেই সোমবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারে তীব্র ধস নামে।

একদিনেই ২০ শতাংশ পর্যন্ত নেমে যায় স্টক। এই পতনের জেরে কেন্দ্রীয় সরকারের প্রায় ১,১০০ কোটির বেশি এবং এলআইসি-র প্রায় ৩৪০ কোটি টাকার সম্পদ কমেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারটি ৭৫.১৬ টাকায় খোলে, যা আগের ক্লোজ়িং ৮৩.৫১ টাকার তুলনায় ১০ শতাংশ কম। বিক্রির চাপ বাড়তে থাকায় শেয়ার দর ২০ শতাংশ নেমে ৬৬.৮০ টাকায় পৌঁছে যায়। এটি ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন দাম।

শনিবার রাতে এক্সচেঞ্জ ফাইলিংয়ে ব্যাঙ্ক জানায়, চণ্ডীগড়ের একটি শাখায় কয়েকজন কর্মীর জাল কার্যকলাপ ধরা পড়েছে। হরিয়ানার কয়েকটি সরকারি সংস্থা অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে নথিভুক্ত ব্যালেন্সের সঙ্গে অমিল ধরা পড়েছে। এই জালিয়াতির পরিমাণ প্রায় ৫৯০ কোটি টাকা।

এ জন্য ইতিমধ্যেই অভিযুক্ত চার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং ফরেনসিক অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। স্বতন্ত্র ফরেনসিক অডিটের জন্য কেপিএমজি-কে নিয়োগ করা হয়েছে।

ব্যাঙ্ক জানিয়েছে, সংযুক্ত অ্যাকাউন্ট থেকেও অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। একই সঙ্গে হরিয়ানা সরকার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ককে সরকারি আমানত রাখার তালিকা থেকে বাদ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =