কলকাতা :- শুক্রবার থেকে যাত্রী সাধারণের জন্য খুলে গেলো ধর্মতলায় সরকারি বাস স্ট্যান্ড। আপাতত এই বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস চলাচল করবে।দীর্ঘ জল্পনার পর অবশেষে নতুন বাস স্ট্যান্ড প্রস্তুত করেছে মেট্রো কর্তৃপক্ষ।নির্মীয়মাণ এসপ্লানেড মেট্রো স্টেশন-এর কাজের জন্য ধর্মতলার এল–২০ সরকারি বাস স্ট্যান্ড সরানো হচ্ছে।
রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝামাঝি অংশে তৈরি হওয়া নতুন স্ট্যান্ডে বাসের প্রবেশ ও প্রস্থান—দু’টিই হবে ধর্মতলামুখী লেন দিয়ে।নতুন পরিকাঠামোয় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জন্য পৃথক বুকিং কাউন্টার, বাতানুকূল অপেক্ষাকক্ষ ও ক্রু রুম তৈরি হয়েছে। যাত্রীদের জন্য থাকছে ‘পে অ্যান্ড ইউজ়’ শৌচাগার ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম। বাস ছাড়ার সময় জানাতে বসানো হচ্ছে একটি বড় এবং দু’টি ছোট ডিজিটাল ডিসপ্লে বোর্ড। নিরাপত্তার স্বার্থে হাইমাস্ট ও একাধিক বাতিস্তম্ভে আলোকিত করা হয়েছে পুরো এলাকা।
পুরনো স্ট্যান্ড থেকে প্রতিদিন শতাধিক দূরপাল্লার বাস ছাড়ত। সঙ্কীর্ণতা ও আলোর অভাব নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল যাত্রীদের। নতুন ব্যবস্থায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

