আইএসএলে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ জয়ের পর গোটা দলে এখন ইতিবাচক মনোভাব। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল এক সুন্দর দৃশ্য। খুদে লাল-হলুদ সমর্থক রিদীপ চ্যাটার্জি তার জন্মদিনের কেক কাটল ইস্টবেঙ্গল দলের সঙ্গে। পরীক্ষা সেরে নিজের জন্মদিন কাটাল ইস্টবেঙ্গল অনুশীলনে।
বেশ কিছুদিন আগে আকস্মিক এক দুর্ঘটনায় মাথা ফেটে গিয়েছিল রিদীপের। সেই সময় কাটিয়ে ছোট্ট রিদীপ আবারও মাঠে ফিরেছে প্রিয় দলের সমর্থনে। শুধু সমর্থনই নয় রিদীপ ইস্টবেঙ্গলের ফুটবল স্কুলের শিক্ষার্থী। এদিন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজোর হাত থেকে জার্সি উপহার পেল রিদীপ। পাশাপাশি ইস্টবেঙ্গল ফুটবলার ইউসেফ এজ্জেজ্জারি তাকে গোলের প্রতিশ্রুতি দিলেন। রিদীপকে ইউসেফের প্রশ্ন, “জন্মদিনের উপহার হিসেবে কটা গোল চাই?” ছোট্ট রিদীপ জন্মদিনে একরাশ খুশি নিয়ে বাড়ি ফিরল।

