মুম্বই : বলিউড অভিনেতা রণবীর সিংকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোটি টাকার মুক্তিপণের দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ পাওয়ার পর মুম্বই পুলিশ প্রভাদেবী এলাকায় অভিনেতার বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে।
বুধবার এক পুলিশ আধিকারিক জানান, টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় দাদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল হুমকির বার্তা এবং ভয়েস মেসেজের ডিজিটাল সূত্র খতিয়ে দেখছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই হুমকির পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েক দিন আগেই মুম্বইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেট্টির আবাসনের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আতঙ্ক ছড়ায় বিনোদন মহলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল শুটার এখনও পলাতক। তদন্তে উঠে এসেছে, একাধিক বলিউড ব্যক্তিত্বকে আগেও হুমকি ও টাকা তোলা চেয়ে বার্তা পাঠানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিনেতা রণবীর সিংকে হুমকি দেওয়ার ঘটনায় দুই ঘটনার মধ্যে যোগসূত্র থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।

