সম্পত্তি সিজ নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ হুমায়ূন কবীরের মেয়ের

মুর্শিদাবাদ :- এনডিপিএস আইনে তদন্তের প্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার লালগোলায় প্রায় ১০ কোটি টাকার একাধিক সম্পত্তি সিজ করার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের মেয়ে নাজমা সুলতানা। তাঁর অভিযোগ, পুরো ঘটনাটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত এবং পরিবারের সদস্যদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ একযোগে অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ, বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বসতবাড়ি সহ একাধিক সম্পত্তি ফ্রিজ করে।

সম্পত্তিগুলি নাজমা সুলতানা, তাঁর স্বামী রাইহান আলি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের নামে নথিভুক্ত বলে জানা গেছে।নাজমা সুলতানার দাবি, তাঁর বাবার রাজনৈতিক অবস্থানের কারণেই প্রশাসন অতিসক্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া না মেনেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই এনডিপিএস মামলার তদন্তের স্বার্থে এই সম্পত্তি সিজ করা হয়েছে। তদন্ত এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =