উত্তেজক ফাইনালে জয়ী অ্যাডামাস

অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলার দুই দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ৯০ মিনিট গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের মাথায় ক্যালকাটা ইউনিভার্সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি। যদিও আত্মঘাতী গোল হয়েছে।
টানা দুইবার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে ভারতসেরা অ্যাডামাস ইউনিভার্সিটি। ম্যাচের শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলা হয়। একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিলেন ফুটবলাররা। একাধিক ফাউল হয়, ফুটবলাররা বচসায় জড়িয়ে পড়েন। দুই দলের একাধিক ফুটবলারদের হলুদ কার্ড দেখান রেফারি। কোচ রাজীব বাগের ক্যালকাটা ইউনিভার্সিটি দলে রয়েছে কলকাতা ময়দানে খেলা বেশ কয়েকজন পরিচিত মুখ। মিরাজ মল্লিক, ইস্টবেঙ্গলের রোমিন গোলদার, অমিত এক্কারা। কোচ রঞ্জন ভট্টাচার্যর অ্যাডামাস ইউনিভার্সিটিতে রয়েছেন গোলকিপার আকিব শেখ, অর্ণব দাস, কৌস্তভ দত্ত, শুভ বিশ্বাস এবং মোহনবাগান সুপারজায়ান্টের রবি রানার মতো ফুটবলাররা। শেষ হাসি হাসল অ্যাডামাসের ছেলেরা। ম্যাচ শেষেও উত্তেজনা থামল না। রেফারির সিদ্ধান্তকে ঘিরে অখুশি ক্যালকাটা ইউনিভার্সিটি শিবির। রেফারির সঙ্গে বচসা ও প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ক্যালকাটা ইউনিভার্সিটির ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =