নয়াদিল্লি : নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে সোমবার সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রথমে হায়দরাবাদ হাউসে সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে আলোচনা করেন তাঁরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির উপস্থিতিতে ভারত ও সেশেলসের মধ্যে একাধিক ক্ষেত্রে মউ বিনিময় হয়। প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমরা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পথ প্রশস্ত করেছি। আমাদের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার জন্য নতুন সুযোগ অন্বেষণ চালিয়ে যেতে আমরা একমত। স্থানীয় মুদ্রায় বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি, আমরা ফিনটেক এবং ডিজিটাল সমাধানেও সহযোগিতা করব। উন্নয়ন অংশীদারিত্ব ভারত-সেশেলস সম্পর্কের শক্তিশালী ভিত্তি। আমাদের সমস্ত প্রচেষ্টা সেশেলসের অগ্রাধিকার এবং চাহিদার উপর ভিত্তি করে। এই দিকে এগিয়ে গিয়ে, এখন আমরা ১৭৫ মিলিয়ন ডলারের একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করছি।
এই প্যাকেজটি সামাজিক আবাসন, ই-মোবিলিটি, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং সামুদ্রিক সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রের প্রকল্পগুলিকে সমর্থন করবে। এই উদ্যোগগুলি সেশেলসের জনগণের জন্য, বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করবে। ভারতের আইটিইসি প্রোগ্রাম সেশেলসের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। “

