উত্তর ২৪ পরগনা :- সোমবার ভোর প্রায় ছ’টা নাগাদ বারাসতের দক্ষিণপাড়া রোডের শীতলাতলা মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত মুখার্জি বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। হঠাৎ এই অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বর্তমানে চার ভাই তাঁদের পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। পরিবারের এক সদস্য অবশ্য লেক টাউন এলাকায় থাকেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিবারের এক ভাই সত্যনারায়ণ মুখার্জি জমি কেনাবেচা ও প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সূত্র ধরেই এই আয়কর অভিযান হতে পারে। তবে ঠিক কোন নির্দিষ্ট অভিযোগ বা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত আয়কর দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।এদিন সকাল থেকেই বাড়ির ভিতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয় এবং বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
আয়কর আধিকারিকদের একাধিক গাড়ি এলাকায় ঢুকতে দেখা যায়। প্রতিবেশীদের অনেকেই জানান, এত ভোরে হানা পড়ায় প্রথমে তাঁরা বিষয়টি বুঝে উঠতে পারেননি। দুপুর পর্যন্ত তল্লাশি অভিযান চলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

