খড়গপুর : ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে টায়ার ফেটে উল্টে গেল আমলাশুলি-দিঘাগামী যাত্রিবাহী বাস। শনিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে খড়গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। আহত প্রায় ১৫ জন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। তিনি জানিয়েছেন, বাসটি মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল। বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

