রাজগীর : বিহারের নালন্দা জেলার রাজগীরে একটি ধর্মীয় সংগঠনের পর্যটক আবাস-এর ঘর থেকে শুক্রবার চার পর্যটকের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ধর্মীয় সফরে এসেছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওই ধর্মশালার ঘর বন্ধ থাকার পর দুর্গন্ধ ছড়ালে ধর্মশালা কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে ওই ঘর খুলে চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়। ধর্মশালার নথি অনুযায়ী, তাঁরা ৩১ জানুয়ারি রাজগীরে এসে ওঠেন এবং ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের দেখা গিয়েছিল।
ঘরটি সিল করে দেওয়া হয়েছে। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করছে। মৃতদের মধ্যে একজনের পরিচয় জি.আর. নাগ প্রসাদ (বেঙ্গালুরু)| বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্ত চলছে।

