নন্দীগ্রাম :- নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বুধবার রেয়াপাড়ায় তাঁর বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেন।
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে সওয়াল করতে হাজির হওয়া প্রসঙ্গে শুভেন্দুর দাবি, এর স্পষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং এটি জনমত প্রভাবিত করার কৌশল বলেই তিনি মনে করেন। তিনি আরও বলেন, এতদিন রাজনৈতিক সভা বা সরকারি মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ মুখ্যমন্ত্রী তুলেছেন, এবার সেই একই বক্তব্য সুপ্রিম কোর্টের এজলাসেও তুলে ধরা হচ্ছে।এসআইআর প্রক্রিয়া আইনি জটিলতার কারণে বিলম্বিত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, এতে প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়বে।
আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর হাজিরা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, বাংলার রাজনৈতিক লড়াইকে ইচ্ছাকৃতভাবে দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যাতে বিষয়টি দীর্ঘস্থায়ী রূপ পায়। তাঁর অভিযোগ, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। এ বিষয়ে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে বলেও তিনি জানান।

