রাজ্য পুলিশের ওসির বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য পশ্চিম বর্ধমানে।

দুর্গাপুর : মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা ঘিরে। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকরা। এখনও তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণই করেননি, তার আগেই এই হাই-ভোল্টেজ অভিযানে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলায়।
সূত্রের খবর, সকাল থেকেই ইডির একটি দল মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঢুকে বিভিন্ন নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছেন। অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় বাড়ির বাইরে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকেই সম্প্রতি তাঁকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়। তবে থানার দায়িত্ব গ্রহণের আগেই ইডির এই অভিযানে নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়িতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। জেলার একাধিক এলাকায় একযোগে এই তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।
এই অভিযানের প্রকৃত কারণ ও তদন্তের পরিধি নিয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে কয়লা ও বালি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =