পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না—এই ঘোষণা সদ্য করেছে পাকিস্তান সরকার। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই মাঠে তার জবাব দিল ভারতের জুনিয়ররা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যাচের সেরা হন কণিষ্ক চৌহান।
এই ম্যাচটি ছিল সেমিফাইনালে ওঠার জন্য দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জিততেই হতো শেষ চারে জায়গা পেতে। অন্যদিকে পাকিস্তানকে জিততে হলে ৩৩.৩ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করতে হতো। কিন্তু সেই হিসেবের ধারে-কাছেও যেতে পারেনি তারা। জয় তো দূরের কথা, লজ্জার হার সঙ্গী করেই টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যায় পাক শিবির।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও ৪৭ রানের ওপেনিং জুটি গড়ে তোলেন অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশী। অ্যারন ২৫ বলে ১৬ রান করেন। বৈভব ২২ বলে ৩০ করলেও বড় ম্যাচে তাঁকে বারবার ব্যর্থ হতে দেখা যাচ্ছে, যা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। অধিনায়ক আয়ুষ মাত্রেও ব্যর্থ হন। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বেদান্ত ত্রিবেদী। কণিষ্ক চৌহান ২৯ বলে ৩৫ ও অম্বরীশ ২৯ রান যোগ করেন। ভারত ৪৯.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয়।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা আরও খারাপ হয়। হামজা জাহুর ৪২ ও উসমান খানের ৬৬ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ভারতীয় বোলিংয়ের দাপটে পাকিস্তান ৪৬.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায়। খিলান প্যাটেল ও আয়ুষ মাত্রে নেন তিনটি করে উইকেট।

