নয়া দিল্লি : প্রাক্তন ভারতীয় দলের কাবাডি খেলোয়াড় এবং রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার স্বামী ভি. শ্রীনিবাসন শুক্রবার ভোরে থিক্কোটিতে তার বাসভবনে পড়ে গিয়ে ৬৭ বছর বয়সে মারা গেলেন।
তিনি সিআইএসএফ থেকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি উষা স্কুল অফ অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন। তার হাত ধরে টিঙ্কু লুকা এবং জিসনা ম্যাথিউ এর মত বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ উঠে এসেছেন।
শ্রীনিবাসন ১৯৯৮ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতামূলক খেলায় ঊষার প্রত্যাবর্তনে ভূমিকা পালন করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকাহত উষার সঙ্গে কথা বলেছেন এবং তার স্বামীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও, খবর পেয়েই শোকজ্ঞাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু| এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন তিনি। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষার স্বামী ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকাহত। পিটি উষার পরিবারের প্রতি সমবেদনা রইল।

