শেওড়াফুলিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুরুতর আহত ২

হুগলি : হুগলি জেলার শেওড়াফুলিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় দু’পক্ষের দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম অভিজিৎ কর্মকার (বিজেপি কর্মী) এবং সুরজিৎ সামন্ত (তৃণমূল কর্মী)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার রাতে স্থানীয় একটি রাসায়নিক কারখানার দূষণ সংক্রান্ত বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তাঁদের কর্মীরা।

অভিযোগ, সেই সময় রাধাগোবিন্দ পল্লী এলাকায় বৈদ্যবাটী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পালের নেতৃত্বে বিজেপি কর্মীদের ওপর বর্বরচিত হামলা চালানো হয়। ঘটনার পর স্থানীয় বিজেপি কর্মীরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা শেওড়াফুলি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। শনিবারও এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত কাউন্সিলর হরিদাস পাল পালটা বিজেপি-র বিরুদ্ধেই অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান যে, রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের ওপর বিজেপি-র পোস্টার লাগানো হচ্ছিল। সেই সময় দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এই ঘটনায় সুরজিৎ সামন্ত নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কাউন্সিলরের দাবি, তিনি কেবল বিবাদ মেটানোর চেষ্টা করেছিলেন; ধাক্কাধাক্কির ফলে দু’জন চোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =