কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজের স্কুলে গুলিবর্ষণ, ১০ জনের মৃত্যু

টাম্বলার রিজ (ব্রিটিশ কলম্বিয়া) : কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি সেকেন্ডারি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী-সহ আটজন নিহত হয়েছেন। এছাড়া একটি বাড়ি থেকে আরও দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সঙ্গে এই গুলিবর্ষণের ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আরসিএমপি জানিয়েছে যে এই ঘটনায় ২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের আঘাত অত্যন্ত গুরুতর। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ পুলিশ গুলিবর্ষণের খবর পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলের ভেতরে ছয়জন এবং সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।

পুলিশের তদন্তে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়ির হদিশ মেলে, যেখান থেকে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরসিএমপি-র প্রাথমিক অনুমান, সন্দেহভাজন হামলাকারী নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। টাম্বলার রিজ মাত্র ২,৪০০ মানুষের জনবসতিপূর্ণ একটি ছোট শহর। পরিস্থিতির গুরুত্ব বিচার করে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্য একটি রিপোর্টে পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল এবং এলিমেন্টারি স্কুল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। পিস রিভার সাউথ-এর বিধায়ক ল্যারি নিউফেল্ড জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও অ্যাম্বুলেন্স টিম পাঠানো হয়েছে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার এবং যে যার বাড়িতে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =