কলকাতা : ভারতীয় রেলের যাত্রীদের দীর্ঘদিনের ডিজিটাল বিভ্রান্তির অবসান ঘটিয়ে চালু হল ‘রেল-ওয়ান’ নামে এক নতুন সুপার অ্যাপ। এতদিন দূরপাল্লার টিকিট, লোকাল ট্রেনের টিকিট ও ট্রেনের অবস্থান জানতে একাধিক অ্যাপ ব্যবহার করতে হতো যাত্রীদের। এবার সেই জটিলতা দূর করে একক প্ল্যাটফর্মে সমস্ত পরিষেবা মিলবে বলে শুক্রবার এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
নতুন এই অ্যাপে সংরক্ষিত টিকিটের জন্য IRCTC-র ‘IRCTC Rail Connect’ এবং শহরতলির টিকিটের জন্য ‘UTSonMobile’—দুটি পরিষেবাকেই একীভূত করা হয়েছে। ফলে তৎকাল টিকিট, প্ল্যাটফর্ম টিকিট কিংবা মাসিক সিজন টিকিট (এমএসটি) এখন একই অ্যাপের মাধ্যমে কাটা যাবে। পুরনো ব্যবহারকারীরা ‘লেগাসি লগ-ইন’ সুবিধায় আগের পরিচয়পত্র ব্যবহার করেই প্রবেশ করতে পারবেন।
এছাড়া ৬-অঙ্কের mPIN বা বায়োমেট্রিক ফেস আইডির মাধ্যমে নিরাপদ লগ-ইনের ব্যবস্থাও রাখা হয়েছে।অ্যাপটিতে লাইভ ট্রেন স্ট্যাটাস, পিএনআর ট্র্যাকার ও কোচ পজিশন ফাইন্ডার সুবিধা রয়েছে।
ই-ক্যাটারিং ও Rail Madad-এর সংযুক্তির মাধ্যমে অভিযোগ ও পরিষেবাও আরও দ্রুত মিলবে। ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে আর-ওয়ালেট ব্যবহারে অসংরক্ষিত টিকিটে ৩ শতাংশ ছাড়ের ঘোষণাও করা হয়েছে। রেলওয়ের ডিজিটাল রূপান্তরে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

