ভোটের ছায়া আইপিএলে ! সূচি প্রকাশে হিমশিম বোর্ডের

পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে অনিশ্চয়তার জেরে এখনও পুরোপুরি প্রকাশ করা যাচ্ছে না আসন্ন আইপিএলের সূচি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আপাতত টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। বোর্ডের তরফে বলা হয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই সেই প্রাথমিক সূচি প্রকাশ করা হতে পারে। তবে বাকি ম্যাচগুলির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর।
মূল সমস্যা তৈরি হয়েছে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কারণে। মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট হওয়ার কথা। এই পাঁচ রাজ্যের মধ্যে কয়েকটির সঙ্গে আইপিএলের সরাসরি সংযোগ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে কলকাতা নাইট রাইডার্স, আর তামিলনাড়ুর দল চেন্নাই সুপার কিংস। এছাড়াও অসমের গुवাহাটি শহরের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অতীতে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স তাদের হোম ম্যাচ আয়োজন করেছে। ফলে এই রাজ্যগুলিতে ভোট চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বিসিসিআই মূলত নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার কথা মাথায় রেখেই চূড়ান্ত সূচি প্রকাশ করতে চাইছে। নির্বাচনের সময় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী ভোটের কাজে নিয়োজিত থাকেন। ফলে একই সময়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এর আগে বহুবার এমন পরিস্থিতির মুখে পড়েছে আইপিএল। অতীতে দেখা গিয়েছে, নির্বাচনের কারণে একাধিক ম্যাচের ভেন্যু বদলাতে হয়েছে। এমনকি লোকসভা নির্বাচনের সময় আইপিএলের কিছু ম্যাচ দেশের বাইরেও আয়োজন করতে হয়েছিল।
এই পরিস্থিতিতে বিসিসিআই আপাতত একটি অন্তর্বর্তী সূচি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই আইপিএলের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে। তবে যেহেতু কয়েকটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরই বাকি ম্যাচগুলির সময়সূচি নির্ধারণ করা হবে।
এরই মধ্যে বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে যে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মরশুম। তবে বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট শুরুর মাত্র প্রায় দু’সপ্তাহ আগে দলগুলি হাতে পাবে প্রথম পর্যায়ের সূচি। এরপর নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর পরিস্থিতি বিচার করে বাকি ম্যাচগুলির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
অন্যদিকে বোর্ড এদিন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে। আগামী আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এই মাঠেই তাদের চারটি হোম ম্যাচ খেলবে। ফলে আসন্ন মরশুমে বেঙ্গালুরু ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে।
ঘোষিত আইপিএল সূচি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর এবার আইপিএলের দিকে। বুধবার ঘোষণা করা হল আইপিএলের ১৯তম সংস্করণের প্রথম পর্বের সূচি। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত কোন কোন ম্যাচ হবে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যাশামতোই ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। সব বিতর্ক কাটিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, অর্থাৎ প্রতিপক্ষের ঘরের মাঠেই প্রথম লড়াই খেলতে হবে কেকেআরকে। এরপর ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে তারা। পরের দুটি ম্যাচও নিজেদের ঘরের মাঠেই খেলবে কেকেআর। ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে অজিঙ্কা রাহানের দল।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সূচি পরে ধাপে ধাপে ঘোষণা করা হবে। কারণ মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের দিনক্ষণ অনুযায়ী বাকি সূচি নির্ধারণ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =